ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খান সোহাগ (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক গুরুতর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ একাধিক থানায় মামলা ও ওয়ারেন্ট রয়েছে।”
গ্রেপ্তারকৃত চেয়ারম্যানকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

