ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় টানা কালবৈশাখী ঝড়ে বোরো ধান, ভুট্টা ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত কয়েক দফা ঝড়-বৃষ্টিতে ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নের গ্রামাঞ্চলে ঘরবাড়ি, গাছপালা এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়।
ঝড়-বৃষ্টির কারণে খেটে খাওয়া দিনমজুর, ভ্যানচালকসহ পরিবহন খাতের অনেক মানুষও কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন।
উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন জানান, “আমাদের এলাকায় অনেকেই ভুট্টা ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ তুললেও বৃষ্টির পানিতে ভিজে তা নষ্ট হয়ে গেছে। মাঠের পর মাঠ বোরো ধান ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, অনেক স্থানে পাকা ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
পালশা ইউনিয়নের আমড়া গ্রামের কৃষক মো. নাদিরুল ইসলাম বলেন, “ফসলের মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।”
স্থানীয় কৃষকদের দাবি, সাম্প্রতিক ঝড়ে উপজেলার বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান জানান, চলতি মৌসুমে ঘোড়াঘাটে প্রায় ৯১০০ হেক্টর জমিতে বোরো ধান এবং ১৯০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে এসব ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে বোরো ধান ও ভুট্টা বেশি আক্রান্ত হয়েছে।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরূপণে কাজ করছেন।

