জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’-এ ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুই শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রথম স্থান অর্জন করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হক অর্জন করেন দ্বিতীয় স্থান।
জাবিপ্রবি রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন ও রেজিস্ট্রার সারোয়ার জাহান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’-এ ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ গবেষকদের নির্বাচন করা হয়। গবেষণায় শিক্ষকদের উৎসাহিত করা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের বিজয়ী শিক্ষকদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ গবেষণা প্রণোদনার ঘোষণাও দেওয়া হয়।

