পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ তাদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামবে।
শনিবার পিরোজপুরে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় “ডাক দিয়ে যাই” অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদের সদস্যদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রণীত সনদে যে অঙ্গীকারগুলো ছিল, তার পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছে। জনগণের এই সমর্থনের প্রতিফলন ঘটানো এখন সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। এখন যদি তা বাস্তবায়ন না করা হয়, তবে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ে অতীতের মতো আবারও রাজপথে নামবে।”
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

