দিনাজপুর(ঘোড়াঘাট) প্রতিনিধি
আধুনিক কৃষি ব্যবস্থাপনায় পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা-এ একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে ) সকালে উপজেলা হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, আধুনিক ও পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ এবং সঞ্চালনা করেন ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র প্রধান প্রকৌশলী বদিউর আলম সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সল আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. সারা নওরিন এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরন নাহার।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঘোড়াঘাটসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ৯০ জন কৃষক অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

