স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের গ্রামীণ সড়কের একপাশ দিয়ে সাইকেল চালিয়ে ছিট কাপড়, মশারি ও শিশুদের জামা-প্যান্ট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ৪৫ বছর বয়সী রাবেয়া বেগম। সাইকেল চালানোর পাশাপাশি তিনি উচ্চস্বরে ডাক দেন— “ছিট কাপড় লাগবে, ছিট কাপড়?” কারও প্রয়োজন হলে সেখানেই বিক্রি করে দেন পণ্য।
মধুগাতি এলাকার উত্তর পাড়ায় দেখা হয় এই ফেরিওয়ালা রাবেয়া বেগমের সঙ্গে। তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে চার সদস্যের পরিবারে বসবাস করেন সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকায়।
শুক্রবার (১ মে) বিকেলে রাস্তায় ফেরি করতে বের হলে তার সঙ্গে কথা হয়। তিনি জানান, অভাবের সংসারে মাত্র ১৪ বছর বয়সে তার বিয়ে হয়। দিনমজুর স্বামীর আয় দিয়ে সংসার চললেও তা যথেষ্ট ছিল না। এক ছেলে ও এক মেয়ের জন্মের পর সংসারের চাপ আরও বাড়ে। তখন তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে দিন কাটান।
পরবর্তীতে প্রায় আট বছর আগে তিনি বাজার থেকে পাইকারি দরে ছিট কাপড় কিনে সাইকেলে করে গ্রামে গ্রামে বিক্রি শুরু করেন।
তিনি জানান, সিঙ্গাশোলপুর, গোবরা, মধুগাতি, বিছালী, আগদিয়া ও কলোড়া এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এতে দৈনিক প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়।
স্থানীয় ক্রেতা আসমা বেগম বলেন, রাবেয়া বেগম ভালো মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সাশ্রয়ী দামে ছিট কাপড় বিক্রি করছেন, বিশেষ করে গ্রামের নারীরা তার কাছ থেকে সুবিধাজনক দামে পণ্য কিনতে পারেন।
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরী আশিক এলাহী বলেন, তার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি অফিসে যোগাযোগ করলে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সহযোগিতা করা হবে।

