দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন পদায়ন করা হয়েছে। গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুমোদিত এ কমিটিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃতি সন্তান আবিদ আল আসাদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
আবিদ আল আসাদ দীর্ঘদিন ধরে রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকে জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই সাফল্যে জন্মভূমি পটুয়াখালীর দুমকি ও পাঙ্গাসিয়া এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় আবিদ আল আসাদ বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দেশনায়ক তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।
উল্লেখ্য, নবগঠিত এই কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আবিদ আল আসাদের হাত ধরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

