যশোর প্রতিনিধি
যশোরে রাতভর বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মৌসুমের শেষ সময়ে আকস্মিক এই বৃষ্টিপাত তাদের জন্য নতুন করে শঙ্কা তৈরি করেছে।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকালে শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জমিতে পানি জমে না থাকলেও কাটা ধান ভিজে গেছে।
সকালে রোদ উঠতেই ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমে পড়েন কৃষকরা। অনেকে ভেজা ধান জমি থেকে তুলে এনে শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার দ্রুত শুকানোর জন্য ধান উল্টেপাল্টে দিচ্ছেন।
কৃষকদের মতে, ধান কাটার এই সময়টাতে বৃষ্টি সবচেয়ে বড় ঝুঁকি। ভেজা ধান ঠিকমতো শুকাতে না পারলে এর মান নষ্ট হয়ে যায় এবং ফলনেও প্রভাব পড়ে। একই সঙ্গে বিচালি সংগ্রহেও সমস্যা দেখা দেয়, ফলে ক্ষতির পরিমাণ বাড়ে।
শহরতলীর ফতেপুর ইউনিয়নের সুলতানপুর মাঠের কৃষক শিমুল আজাদ জানান, তিনি দেড় বিঘা জমিতে ধান চাষ করেছিলেন এবং ফলনও ভালো হয়েছে। কিন্তু শেষ সময়ে বৃষ্টিতে সেই ধান ভিজে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু ইসহাক বলেন, মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও আপাতত বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। কারণ বৃষ্টির পর রোদ ওঠায় কৃষকেরা ধান শুকানোর সুযোগ পাচ্ছেন। তবে নিম্নচাপ সৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
রোদ থাকলেও পুরোপুরি ক্ষতি এড়ানো যাবে কি না, তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি যশোরের কৃষকদের মধ্যে।

