Nabadhara
ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় কালাইয়ের শিক্ষার্থী হাসিবুরের মৃত্যু, গ্রামে শোকের ছায়া

জয়পুরহাট প্রতিনিধি
মে ৩, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জয়পুরহাটের কালাই উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হাসিবুর রহমান (২৩) উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং প্রবাসে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হাসিবুর রহমান মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি-এর আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন।

জানা গেছে, শনিবার (২ মে) মধ্যরাতে পার্ট-টাইম কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (৩ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় মহেশপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, হাসিবুর রহমান ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন তরুণ, যাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল।

স্থানীয় বাসিন্দা মো. সুজাউল ইসলাম বলেন, “হাসিবুর আমাদের গ্রামের গর্ব ছিল। তার এমন অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন। পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে।”

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন—এমন দোয়া করছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।