বাগেরহাট প্রতিনিধি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বর থেকে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, “বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করেন, তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ পর্যায়ে এসেছেন। তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকা উচিত, কিন্তু বাস্তবে আমরা তা সবসময় দেখতে পাই না।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অপূর্ব দাস, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, সরকারি তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

