জয়পুরহাট প্রতিনিধি
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক মকছুদুল কবীর, শহিদুল ইসলাম এবং বিআরটিএ-এর সহকারী পরিচালক আব্দুল মোমিনসহ অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, দক্ষ চালক হিসেবে গড়ে উঠলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হয়। তরুণদের কারিগরি শিক্ষায় দক্ষ করে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ২৬ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে বলে জানানো হয়।

