চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি সার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি ভেজাল দস্তা সার জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে ভেজাল সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার সলুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ এবং চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তার তথ্যমতে, গত জানুয়ারি মাসে সলুয়া বাজারের রায় ট্রেডার্স ও জিয়া ট্রেডার্সের দস্তা সার সন্দেহজনক মনে হলে নমুনা সংগ্রহ করে যশোরের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (এসআরডিআই)-এ পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে জিয়া ট্রেডার্সের ৪০ কেজি এবং রায় ট্রেডার্সের ১০ কেজি দস্তা সার ভেজাল হিসেবে শনাক্ত হয়।
পরবর্তীতে ওই ল্যাব রিপোর্টের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত ৫০ কেজি ভেজাল সার জনসমক্ষে ধ্বংস করা হয়। একই সঙ্গে জিয়া ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা এবং রায় ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

