নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তির নাম রুচিয়া বেগম (৫৪)। তিনি ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। সোমবার (৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুচিয়া বেগমের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ২ কেজি ওজনের ১৮টি প্যাকেট ও একটি প্লাস্টিকের ব্যাগে থাকা আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট গাঁজার পরিমাণ ৩৮ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা।
অভিযানের সময় আটক রুচিয়া বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদারের (৩৯) বাড়িতে অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান।
এ ঘটনায় আটক রুচিয়া বেগমসহ পলাতক বিপুল সরদারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০১।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জড়িতদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।”

