তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এবং অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর পরিচালক শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বলেন, জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং কৃষি ও জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত টেকসই সমাধান গ্রহণ করা হবে। তিনি জানান, তালা উপজেলার জলাবদ্ধতা নিরসনে খাল খননের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এসময় পানি কমিটির পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিলীপ সানা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাংবাদিক এম এ ফয়সাল, মুস্তাফিজুর রহমান রেন্টু, এস এ মোতাহিরুল হক শাহিন, অ্যাডভোকেট মশিয়ার রহমান, কামরুজ্জামান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

