ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে কেন্দ্রটির উদ্বোধন করেন অতিথিরা। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল।
বক্তারা বলেন, আঞ্চলিক কেন্দ্রটি চালু হওয়ায় ফরিদপুর অঞ্চলের শিক্ষার্থীরা এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক নানা কাজ স্থানীয়ভাবেই সম্পন্ন করতে পারবেন। ফলে তাদের গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যেতে হবে না। এতে সময় ও অর্থ—দুইই সাশ্রয় হবে।
তারা আরও বলেন, এই কেন্দ্র উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সেবার মান বাড়াবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন ও খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

