Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, গোয়ালন্দে আতঙ্ক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর বিদ্যুৎ অফিস থেকে মাত্র ২০০ গজ দূরে একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার তেনাপঁচা মোড় ডিভিশন অফিসের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, সকালে দোকানপাট খুলতে গিয়ে তারা দেখতে পান এলাকায় বিদ্যুৎ নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, তাদের এলাকার খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি উধাও। পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে নামিয়ে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।

স্থানীয় চা ও পান-সিগারেট দোকানদার নজরুল ইসলাম বলেন, “রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই, ট্রান্সফরমারও নেই। এলাকায় চুরির ঘটনা বাড়ছে, আমরা আতঙ্কে আছি।”

ঘটনার বিষয়ে গোয়ালন্দ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে এক গ্রাহকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত চক্রটি শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।