নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের এমএ এবং এমএসএস (প্রিলিমিনারি ও ফাইনাল) প্রোগ্রামের পরীক্ষা শুক্রবার থেকে শুরু হয়েছে। দেশব্যাপী ১২টি আঞ্চলিক কেন্দ্রের অধীন নির্ধারিত কেন্দ্রসমূহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজতত্ত্ব বিষয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
সূচি অনুযায়ী, এমএ ও এমএসএস ১ম সেমিস্টার প্রিলিমিনারি (২৫১ টার্ম), ২য় সেমিস্টার প্রিলিমিনারি (২৪২ টার্ম) এবং ২য় সেমিস্টার ফাইনাল (২৩২ টার্ম)-এর পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পরীক্ষাসমূহ আগামী ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এদিকে, অধ্যাপক সাঈদ ফেরদৌস বাউবি’র গাজীপুর ক্যাম্পাস এ অনুষ্ঠিত এমএ ও এমএসএস পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের এমএ ও এমএসএস প্রোগ্রামের ১ম ও শেষ পর্বের শিক্ষার্থীদের পরীক্ষা বাউবি’র গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

