আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মহিদুল ইসলাম শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের টগরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহিদুলকে হাতেনাতে আটক করে। এ সময় তার পরনের লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার মহিদুল ইসলাম শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত শহিদ শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও আলফাডাঙ্গা সীমান্তবর্তী এলাকায় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের টার্গেট করে মাদক সরবরাহ করত বলে অভিযোগ রয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।”
বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে মাদক কারবারির গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল স্কুলের আশপাশে পুলিশি টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
টগরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক এক সদস্য বলেন, “যেখানে শিশুরা শিক্ষা গ্রহণ করতে আসে, সেখানে মাদকের বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় মাদক কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এদিকে আলফাডাঙ্গা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় আলফাডাঙ্গা ধীরে ধীরে মাদকের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। মহিদুল গ্রেপ্তার হলেও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

