নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলায় ১২টি দল নিয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে “নোয়াখালী ফুটবল সুপার কাপ-২০২৬”। বুধবার (১৩ মে) বিকেলে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খানসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে ছোটদের ৬টি ও বড়দের ৬টিসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেওয়া দলগুলোতে স্থানীয় তরুণ খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলা কয়েকজন ফুটবলারও রয়েছেন।
ক্রীড়াবিদ তাউস মোহাম্মদ বেনিয়ামিন চৌধুরী বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। তিনি বলেন, “বর্তমান তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নোয়াখালী সুপার ফুটবল কাপ জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শফিকুল ইসলাম বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ক্রীড়া আয়োজনকে সহযোগিতা করা হবে।”
আয়োজকরা জানান, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের জন্য বসার ব্যবস্থা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল মাঠে দায়িত্ব পালন করছে। এছাড়া ফাইনাল ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার রাখা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে পৃথক পুরস্কার দেওয়া হবে।

