Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের ঐতিহাসিক বার আউলিয়া মাজারে বার্ষিক ওরস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ঐতিহাসিক বার আউলিয়া মাজারে একদিনের বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এ ওরসের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম চলে।

জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত এই মাজারে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ভক্তদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষও অংশ নেন এ আয়োজনে।

ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে বসে ঐতিহ্যবাহী মেলা। ভক্তরা মানতের চাল, মুরগি, কবুতর, গরু, ছাগলসহ নগদ অর্থ দান করেন। অনেকে আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ভক্তি প্রকাশ করেন।

ভক্তদের উপস্থিতিতে মাজার এলাকায় সারাদিনই ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই জানান, এখানে এসে মানত পূর্ণ হয়েছে এবং দোয়া কবুল হয়েছে—এমন বিশ্বাস থেকেই তারা প্রতি বছর এখানে আসেন।

স্থানীয়দের মতে, প্রায় কয়েকশ বছর আগে চট্টগ্রাম থেকে আগত ১২ জন আউলিয়া ও সুফি সাধক ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন এবং পরবর্তীতে আটোয়ারীর মির্জাপুর এলাকায় আস্তানা গড়ে তোলেন। মৃত্যুর পর তাঁদের এখানে সমাহিত করা হয়। এই ১২ আউলিয়ার নামেই মাজারটি পরিচিত।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ বলেন, মাজারটি জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার একদিনের জন্য এই ওরস অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তসহ নানা ধর্মের মানুষ অংশ নেন।

ওরস ঘিরে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।