কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দরিদ্র এক কৃষকের জমির পাকা ধান কেটে তা বাড়িতে তুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (১৬ মে) উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী শ্রমিক সংকটের কারণে প্রায় এক সপ্তাহ ধরে তার এক বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে স্থানীয় এমপি এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার জমিতে উপস্থিত হন এবং ধান কেটে তা বাড়িতে তুলে দেন।
কৃষক হরষিত অধিকারী বলেন, “প্রায় এক সপ্তাহ ধরে আমার ধান কাটার উপযুক্ত ছিল, কিন্তু শ্রমিক না পাওয়ায় কাটতে পারছিলাম না। পরে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় এমপি নিজে এসে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমি অনেক উপকৃত হয়েছি।”
স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, ধান কেটে বাড়িতে তুলে দেওয়ায় কৃষকের অনেক উপকার হয়েছে। এ জন্য তারা এমপি এস এম জিলানীকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে এমপি এস এম জিলানী বলেন, “আমরা সবাই এ মাটির সন্তান। কৃষকের কষ্টের সময় পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শ্রমিক সংকটের কারণে কৃষক হরষিত তার ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে তার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছি।”

