যশোর প্রতিনিধি
যশোরে দুই হাজার ৪২ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার মুখে ফাঁকা বুলি দেয় না; নির্বাচনি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, যশোরে এসে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ।

