Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে টিকটকে প্রেমের বিয়ে, স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
মে ১৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের মধুখালী উপজেলায় টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের বিয়ের পর এক নববধূকে পাটক্ষেতে নিয়ে রাতভর নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

ঘটনাটি উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামে ঘটেছে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) ওই গ্রামের মুজিবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকেয়া বেগমের (২৬) সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

ভুক্তভোগী রোকেয়া বেগম অভিযোগ করেন, গত ১৫ মে শুক্রবার রাতে স্বামী প্রান্ত শেখ তাকে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে নেওয়ার কথা বলে মধুখালীতে নিয়ে আসেন। পরে রাত আনুমানিক ২টার দিকে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর তাকে কুড়ানিয়ারচর এলাকার একটি পাটক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করা হয় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টাও করা হয়। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।

পরদিন শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। পরে তাকে নওপাড়া ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তরা রায় চৈতি জানান, রোকেয়া নামের এক গৃহবধূ শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য ডকুমেন্ট জমা দিলে মামলা নেওয়া হবে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।