Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও প্রপাগান্ডার অভিযোগে সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা এলাকায় ডিসিআরভুক্ত বৈধ মৎস্য ঘের দখল, লুটপাট, বাসা ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় যুবদল নেতাকে জড়িয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডার প্রতিবাদ জানানো হয়েছে।

রোববার (১৭ মে) আশাশুনি প্রেস ক্লাবে শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস.এম. শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার দাবি, শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া ও কলিমাখালী মৌজায় ১নং খাস খতিয়ানের ৩ একর জমিতে ডিসিআর নিয়ে ভূমিহীনরা দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করছেন।

তিনি অভিযোগ করেন, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপনের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টুসহ কয়েকজন ১১ মে ঘেরের বাঁধ কেটে দেয়, বাসা ভাঙচুর করে, অগ্নিসংযোগ চালায় এবং বিষ প্রয়োগে মাছ নিধন করে প্রায় ৪–৫ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

অন্যদিকে ভূমিহীন পক্ষের আমিরুল ইসলাম জানান, তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে থানায় যেতে বলা হয়। তারা থানায় হাজির হলেও প্রতিপক্ষ উপস্থিত না হয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা শহিদুল ইসলাম আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, জবরদখল ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ সময় যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম ও ছিদ্দিক গাজী বক্তব্য রাখেন। তারা অভিযোগগুলোকে “বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

শহিদুল ইসলাম আরও বলেন, শ্রীউলা এলাকায় কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ভূমিহীনদের জমি দখল করে রাখছে এবং প্রতিবাদ করলেই ভয়ভীতি ও মামলা-হামলার হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।