মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম এলাকায় প্রায় ৫০ বছরের পুরনো একটি পুকুর ভরাট কার্যক্রম উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলার মিরকাদীমের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রামগোপালপুর এলাকায় হাজী বাড়ির সামনে দীর্ঘদিনের এই পুকুরটি ভরাট করা হচ্ছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নির্দেশনায় মিরকাদীম পৌর কর্তৃপক্ষ ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়। এ সময় ভরাটকারীদের সতর্কও করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রাচীন এই পুকুরটি ভরাট হয়ে গেলে এলাকার প্রায় এক হাজার পরিবার বর্ষাকালে জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ত। প্রশাসনের দ্রুত পদক্ষেপে পুকুরটি রক্ষা পাওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
স্থানীয়রা বলেন, পরিবেশ ও জলাবদ্ধতা রক্ষায় এ ধরনের দ্রুত পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকা প্রয়োজন।

