শরীয়তপুর প্রতিনিধি
২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সোমবার (১৮ মে) দুপুর ১২টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সেখানে সমাবেশে মিলিত হয়। এতে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইন্টার্ন চিকিৎসকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, “রোগীদের সেবা দেওয়ার পরও যদি চিকিৎসকেরাই নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে।”
বক্তারা আরও অভিযোগ করেন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না থাকলে মানসম্মত সেবা প্রদান সম্ভব নয়। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, হামলায় গুরুতর আহত ডা. নাসির ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

