যশোর প্রতিনিধি
যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় এলপি গ্যাসের সাতটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যশোর সদরের সীতারামপুর এলাকার মমতাজ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, শংকরপুরের রনি গ্যাস স্টোরকে ৫০ হাজার টাকা এবং আরমান আরিফ টুটুল (৫০) নামের এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানান, যশোরে অসাধু গ্যাস ব্যবসায়ীদের ক্রসফিলিংসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে সদর ও ঝিকরগাছা উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, “ক্রসফিলিং হলো একটি এলপিজি সিলিন্ডার থেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধ উপায়ে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা। এটি অত্যন্ত বিপজ্জনক এবং জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।”
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন, আশীষ কুমার দাস, বিশাল কুমার জাজোদিয়া, তাওমীদ হাসান ও মীম বিনতে মুস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়া যশোর জেলা পুলিশ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

