রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সমাজে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৯ মে) তেরখাদা থানা পুলিশের আয়োজনে থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে। সচেতন নাগরিকদের অংশগ্রহণেই গড়ে উঠতে পারে শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ।” তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করাই আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ার অন্যতম শর্ত।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।
তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির,যুবনেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো,শেখ ইউসুফ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ রমিজ,কৃষকদল নেতা মোঃ সাবু মোল্যা, ইলিয়াজ মোল্লা, মাওলানা আব্দুর রকিব এবং ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্যা।
সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

