আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে সপ্তাহের শুরুতে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
ওয়ারহাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান এবং আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান।
এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

