আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে সাহেব আলী (৩২) ও একই গ্রামের রহিম শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২২)। এর মধ্যে সাহেব আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রবিউল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশ উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত তাদের কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযান নিয়মিত চলবে।”
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, “মাদক সেবন ও মাদক ব্যবসা শুধু আইনত অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

