যশোর প্রতিনিধি
চাকরির পেছনে না ছুটে পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলছে একদল তরুণ-তরুণী। বুধবার বিকেলে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত গ্রিন এন্টারপ্রেনারশিপ পিচ ডে অনুষ্ঠানে তারা নিজেদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ইয়ুথ কানেক্ট: ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫১০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্য থেকে বাছাইকৃত ১৫টি উদ্যোগের ৩০ জন তরুণ-তরুণী অ্যাডভান্সড বুটক্যাম্পে ব্যবসায় পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল মডেলিং, টেকসই উন্নয়ন কৌশল ও পিচিং দক্ষতার বিশেষ প্রশিক্ষণ নেন।
অনুষ্ঠানে উপস্থাপিত উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল হস্ত ও কারুশিল্পভিত্তিক ‘আমাদের হস্তশিল্প’, ‘পাটজাত পণ্যের নতুনত্ব’, কৃষিভিত্তিক ‘পাটুয়ারী অর্গানিক অ্যাগ্রো ফার্ম’, ‘গ্রিন সেফ এগ্রো ফার্ম’, নার্সারিভিত্তিক ‘গ্রীন গার্ড’, পরিবেশবান্ধব প্যাকেজিং উদ্যোগ ‘সবুজ প্যাকেজিং’ এবং নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করা ‘এসওয়াই বায়োপ্যাড’সহ আরও বৈচিত্র্যময় উদ্যোগ।
বিশেষজ্ঞ প্যানেল তরুণদের উপস্থাপনা মূল্যায়ন করে তিনটি উদ্যোগকে বিশেষ স্বীকৃতি ও প্রণোদনামূলক পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সহ-সভাপতি মৃত্যুঞ্জয় অধিকারী, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো. ফজলুল হক, যশোরের উৎসব টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজয় দত্ত, চুয়াডাঙ্গার জনতা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মো. ওলে উল্লাহ, জাহানারা যুব মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. জাহানারা খাতুন এবং গীতাঞ্জলি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সুমন সাহা।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুর রহমান খান। আরও বক্তব্য দেন ‘ইয়ুথ কানেক্ট: ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল আলম লিটন।
বক্তারা তরুণদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এসব সবুজ উদ্যোগ ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রকল্পের ফেজ-২ বর্তমানে চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর, মেহেরপুর সদর, জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় চলমান রয়েছে। এর মাধ্যমে আরও ৫০০ তরুণ-তরুণী সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে বলে আয়োজকরা জানান।

