Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
মে ২১, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মেহেরপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বৃহস্পতিবার দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির এবং সদর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিনের জটিলতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং সেবা গ্রহণে ভোগান্তি কমাতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা যুগোপযোগী উদ্যোগ। প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত হলে মানুষের সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

সেমিনারে “অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জ, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তিনি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপের ডিজিটাল সংরক্ষণসহ বিভিন্ন উদ্যোগ ভূমি সেবাকে মানুষের জন্য আরও সহজলভ্য করছে। পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার সফল বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি ও জটিলতা কমে আসবে এবং একটি স্বচ্ছ, নিরাপদ ও জনবান্ধব ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে উঠবে।

সেমিনার শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।