জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) “Gas and Resources in Bangladesh and Its Job Opportunities” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ শাহা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, ওয়াহিদা আক্তার এবং ইসরাত জাহান ইভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হোসেন।
সেমিনারের শুরুতেই বক্তারা বাংলাদেশের খনিজ সম্পদ, গ্যাস অনুসন্ধান, শিল্পায়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভূতত্ত্ব সমিতির সহ-সভাপতি আমানুল্লাহ আমান বলেন, “বাংলাদেশের অর্থনীতি, শিল্পায়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে মিনারেল রিসোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, আজকের এই সেমিনার থেকে গ্যাস ও খনিজ সম্পদের সম্ভাবনা এবং এ খাতে ক্যারিয়ার গঠনের বিষয়ে মূল্যবান ধারণা পাওয়া যাবে।” এছাড়াও ভূতত্ত্ব বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসেন বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণামুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।
আমন্ত্রিত বক্তা বিশ্বজিৎ শাহা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে খনিজ সম্পদ ও জ্বালানি খাতের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে এই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে খনিজ সম্পদ ও জ্বালানি খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণামুখী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।” সবশেষে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

