কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী বড় তুলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন শাক্কু।
তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রেহেনা বেগম রিনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. তাবারক উল্লাহ, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা রহমান মুন্নি, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, সমাজসেবক শাহ আলম মাস্টার এবং মৌলভী আবু তাহের মাস্টার।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড়, লাফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি গান, নাচ ও আবৃত্তির মতো সাংস্কৃতিক পরিবেশনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

