মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে কেটে নেওয়া ধান গোলাপগঞ্জ বাজারের একটি হাসকিং মিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা মোঃ মাসুদ রানা তার বর্গাচাষি মোঃ বুলবুল আহমেদের মাধ্যমে চড়াইভিটা মৌজার একটি জমিতে বোরো ধানের আবাদ করেন। গত ১ জুন দিবাগত রাতে ওই জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে বর্গাচাষি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
অভিযোগের পর বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় হারভেস্টার মেশিন ও টলি চালকের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গোলাপগঞ্জ বাজারে বদিউজ্জামানের একটি হাসকিং মিলের চাতাল থেকে খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় ধান উদ্ধার করা হয়। পরে ৭টি প্লাস্টিকের বস্তায় রাখা ধান জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ধানের পরিমাণ আনুমানিক ১০ মণ। বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমানের উপস্থিতিতে ধান জব্দ করে তা অভিযোগকারী মোঃ মাসুদ রানা ও বর্গাচাষি মোঃ বুলবুল আহমেদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, জমি নিয়ে পক্ষগুলোর মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

