রুয়েট প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী প্রকৌশলী আকিবের দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় প্রকৌশলী আকিব, তার স্ত্রী ও মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো প্রকৌশলী আকিবের চার মাস বয়সী পুত্র ইজাজ এবং চার বছর বয়সী পুত্র ইহান। প্রকৌশলী আকিব রুয়েটের পুরকৌশল বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকৌশলী আকিব তার পরিবার নিয়ে একটি মাইক্রোবাসে করে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর আড়াইটার দিকে মাইক্রোবাসটি রয়না এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত অবস্থায় প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী ছেলে ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশু ইহানের মৃত্যু হয়।
বর্তমানে প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী এবং মা কনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় রুয়েট অ্যালামনাই ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নিহত দুই শিশুর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

