Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার প্রেমে রাঙানো বাড়ি, মেসি ভক্ত মেহেদীর ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাট প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্ট এলেই ভক্তদের উন্মাদনা নতুন মাত্রা পায়। তবে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে ব্যতিক্রমী নজির গড়েছেন জয়পুরহাটের যুবক মেহেদী হাসান। নিজের বাড়ি ও সীমানা প্রাচীরকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়ে তিনি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

মেহেদী হাসান জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে তিনি নিয়মিতভাবে বাড়িতে আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে আসছেন। তবে এবার তিনি প্রিয় দলের প্রতি ভালোবাসাকে আরও অনন্যভাবে প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা যায়, দূর থেকেই নজর কাড়ে তার ‘আর্জেন্টিনা বাড়ি’। বাড়ির চারপাশের দেয়ালজুড়ে আকাশি-সাদা রঙের সমাহার, যা আর্জেন্টিনার জাতীয় পতাকার প্রতিচ্ছবি। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবেশপথের একপাশে আঁকা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এছাড়া দেয়ালে স্থান পেয়েছে ফুটবল তারকা লিওনেল মেসির বড় আকৃতির ছবি এবং আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘মে মাসের সূর্য’।

মেহেদী হাসান বলেন, “ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার অন্যরকম ভালোবাসা। সেই আবেগ থেকেই বাড়িটিকে প্রিয় দলের রঙে সাজিয়েছি। দলের খেলা উপলক্ষে আমরা কেক কাটা, র‍্যালি এবং একসঙ্গে খেলা দেখার বিশেষ আয়োজন করেছি।”

তার এই উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয় ফুটবলপ্রেমীরাও। একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান জয় বলেন, “মেহেদী মামা আর্জেন্টিনাকে খুব ভালোবাসেন। তিনি শুধু নিজের বাড়িই সাজাননি, অনেককেই আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছেন। আমরা সবাই মিলে খেলা দেখব এবং উৎসব করব। আশা করছি, আমাদের প্রিয় দল আবারও শিরোপা জিতবে।”

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, “মেহেদী হাসানের এই বাড়ি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে অনেক মানুষ আসছেন। ফুটবলের প্রতি এমন ভালোবাসা এলাকায় বেশ সাড়া ফেলেছে।”

প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের প্রতি এক ভক্তের এমন নিবেদিত ভালোবাসা এখন জয়পুরহাটে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।