Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বানেশ্বর আম হাটে মার্কিন রাষ্ট্রদূত, রাজশাহীর আমের স্বাদে মুগ্ধ

রাজশাহী প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই আমের হাটে গিয়ে তিনি বিভিন্ন আড়ৎ ও দোকান ঘুরে দেখেন এবং আম ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটে ঘুরে রাষ্ট্রদূত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত কয়েকটি জাতের আমের স্বাদ গ্রহণ করেন। এ সময় ব্যবসায়ী ও কৃষকেরা তাঁকে রাজশাহীর আম উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানির সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করতে সহায়ক হবে। কৃষকদের মতে, রাজশাহীর আমের স্বাদ ও গুণগত মান ইতোমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। বিদেশি কূটনীতিকদের আগ্রহ কৃষিপণ্য রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।”

তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তাই কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে তা দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এতে সবচেয়ে তাজা ও বৈচিত্র্যময় পণ্য সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়।

বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদূত বলেন, “আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়, যা শেক তৈরিতে ব্যবহার করা হয়। রাজশাহীর মতো এত তাজা আম সেখানে পাওয়া কঠিন।”

আম রপ্তানির সুযোগ বাড়াতে বাংলাদেশে আধুনিক কোল্ড চেইন বা হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, উন্নত সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা গড়ে উঠলে সারা বছর আমের সরবরাহ নিশ্চিত করা এবং হিমায়িত আম রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হবে। এতে বাংলাদেশের আম উৎপাদন, সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।