Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আর্থিক সংকটে দুই পোশাক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় ১,৮০০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ২৩, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আর্থিক সংকট ও নানা জটিলতার কারণে ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড নামে দুটি তৈরি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

কারখানা সূত্রে জানা যায়, গত ১৬ জুন থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়।

শ্রমিকরা জানান, হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকের পরিবার, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, আর্থিক সংকটসহ বিভিন্ন জটিলতার কারণে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।

শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে গত ২১ জুন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), শ্রম অধিদপ্তর, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ও মে মাসের আংশিক বেতন পরিশোধ করা হবে। একই সঙ্গে চাকরি অবসানের কারণে নোটিশ পে, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি ও অন্যান্য প্রাপ্য অর্থ পরিশোধের সিদ্ধান্ত হয়। আগামী ২৭ জুলাই একযোগে এসব পাওনা পরিশোধের কথা রয়েছে।

তবে শ্রমিক নেতারা এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা হয়নি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান বলেন, মালিকপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ করায় শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে।

স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হওয়ায় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে এবং হাজারো শ্রমিক পরিবার চরম সংকটে পড়েছে। তারা দ্রুত পাওনা পরিশোধ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।