কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাহার আহমেদ মজুমদার।
তিনি বলেন, চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা নিয়মিতভাবে দাখিল ও আলিম পরীক্ষায় ভালো ফলাফল করে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মক্ষেত্রে অবদান রাখছে।
তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যারা ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী মেধা তালিকায় থাকা ২০ জন শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষাব্যয় তিনি বহন করবেন বলে আশ্বাস দেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বন্ধন সোসাইটি চৌমুহনী বাজারের সভাপতি ও সমাজসেবক কাজী হোসাইন আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ সিরাজুল ইসলাম, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউল, অভিভাবক ও সমাজসেবক আবুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

