গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে কাজী ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ফাউন্ডেশনের সভাপতি কাজী মো. সজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুবদলের আহ্বায়ক সদস্য তরিকুল ইসলাম কাফি, কাঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদের সভাপতি কাজী আব্দুস সোবহান এবং বিএনপি নেতা কাজী মুরাদ মনির মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি তারিক হাসান রাসেল বলেন, “খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়া দুটি দলের নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর টাইব্রেকারে কাজী ফাউন্ডেশন ১ গোলের ব্যবধানে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিপুলসংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

