বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জয়নাল আবেদীন জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতেও তার কোনো সন্ধান না মেলায় শনিবার সকালে পুনরায় খোঁজ শুরু করলে সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ভারত সীমান্তের কাঁটাতার অতিক্রম করে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

