বরগুনা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট ক্যাম্প-২০২৬’।
শনিবার (২৭ জুন) বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। সহযোগিতায় ছিল দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম।
ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ উপস্থাপন করা হয়।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক মহিউদ্দিন অপু, দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার এস. জেড. অপু, সোনার বাংলা ইয়ুথ ক্লাবের সভাপতি হেদায়তুল্লাহ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক আরিফুল ইসলাম মান্নাসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, ক্লাইমেট ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল শিশু, তরুণ ও প্রবীণদের একই প্ল্যাটফর্মে এনে জলবায়ু পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা এবং উপকূলীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও সম্পৃক্ত করবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

