নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি আউশ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা সার-বীজ গুদাম (সাবেক জিয়া হল) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় সুবিধা পাচ্ছেন। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা বলেন, “সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা জোরদার করা। এ সহায়তা কৃষকদের আউশ চাষে আরও উৎসাহিত করবে।”
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীনা পারভীন তৃণা, হারুন অর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল হোসেন, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

