ওমর ফারুক ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে করণীয় নির্ধারণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “একটি উন্নত ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। মাদক, জুয়া, ইভটিজিং ও চোরাচালানের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সহযোগিতায় আত্রাইকে একটি নিরাপদ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

