বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র্যালি, আলোচনা সভা এবং ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিশুশ্রমের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। শিশুদের শ্রমে নয়, শিক্ষার আলোয় গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো গেলে শিশুশ্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩৯টি ঝুঁকিপূর্ণ পরিবারের প্রত্যেককে স্বাবলম্বী করার লক্ষ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই সহায়তা তাদের আয়বর্ধক কাজে যুক্ত হতে সহায়তা করবে এবং সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত করবে।

