দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে স্বীকৃতির অপেক্ষায় থাকা জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ।
সরকারি নির্দেশনার অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, প্রয়োজনীয় নথিপত্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়ক যন্ত্রপাতি এবং খেলাধুলার সামগ্রী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি এখনো সরকারি নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন না থাকায় বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করছেন। তবে আর্থিক সংকটের মধ্যেও নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম জানান, সম্প্রতি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিবন্ধনের দাবিতে রাজধানীতে আন্দোলনের পর সরকার সারাদেশে নিবন্ধন কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শনে এসেছেন।
তিনি আশা প্রকাশ করেন, পরিদর্শনের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয়টি দ্রুত সরকারি নিবন্ধন পাবে এবং শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হবে।

