নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল জব্বার (৭৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগে ভাতিজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে।
আটকরা হলেন—নিহতের ভাতিজা চপল (পিতা: আব্দুল হাই), মৃত ময়েজ মণ্ডলের ছেলে আজাহার আলী এবং আজাহার আলীর ছেলে শাকিব হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে আব্দুল জব্বারের সঙ্গে তার ভাতিজা চপল ও অন্যান্য শরিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে বৃষ্টির পর বাড়ির পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন থাকা সত্ত্বেও অভিযুক্তরা আব্দুল জব্বারের খলিয়ানের ওপর দিয়ে নতুন করে নালা কাটতে শুরু করেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্তরা আব্দুল জব্বারকে মারধর করেন। অভিযোগ রয়েছে, ভাতিজা চপল তাকে তুলে মাটিতে আছাড় মারেন এবং গলা চেপে ধরেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

