অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। এ সময় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল কাইউম এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত দেশীয় নানা জাতের ফল প্রদর্শন করেন। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে ফলের বৈচিত্র্য উপভোগ করেন এবং ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন আয়োজকরা।

