আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাঙচুর এবং নাজমুল ভুইয়া নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার মা মমতাজ বেগম আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ধরাধর দীঘি লিজ নেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি স্বপন ভুইয়া, জালাল ভুইয়া ও লাবু শরীফ নাজমুল ভুইয়াদের ৩০টি বাঁশ কেটে দেন। এ নিয়ে নাজমুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন রাতে স্বপন ভুইয়া, লাবু শরীফ, জালাল ভুইয়াসহ ১০-১৫ জনের একটি দল নাজমুলদের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ঘর ভাঙচুর করে এবং নাজমুলকে তুলে নিয়ে যায়। পরে তাকে কাজীরহাট এলাকায় নিয়ে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগ্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) নাজমুলের মা মমতাজ বেগম আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের দাবি, দীঘির পাড়ে বাঁশ কাটার সময় নাজমুল শ্রমিকদের চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করলে স্থানীয় লোকজন তাকে মারধর করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

